ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে জোর আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো চুক্তি গ্রহণ করবেন না যা তাঁর নির্ধারিত “রেড লাইন” বা কঠোর শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, যেকোনো সমঝোতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করতে হবে। অন্যদিকে ইরান জানিয়েছে, আলোচনায় এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি এবং তাদের নিজস্ব শর্তও রয়েছে। তেহরান পারমাণবিক কর্মসূচির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য থাকায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
