সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের আসন দিতে ব্যর্থ হল ভারতীয় রেল। ফলে দীর্ঘ পথ দাঁড়িয়ে সফর করতে বাধ্য হন চার যাত্রী। এই ঘটনায় রেলের পরিষেবায় গাফিলতির অভিযোগে ভোজপুর জেলা কনজুমার রিড্রেসাল কমিশন ভারতীয় রেলকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
সম্প্রতি উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন চার যাত্রী। তাঁরা এলটিটি-পটনা এক্সপ্রেসের কনফার্মড টিকিট কেটেছিলেন। কিন্তু ট্রেনে ওঠার পর দেখেন, তাঁদের সংরক্ষিত আসনে বসে রয়েছেন রেলেরই কিছু কর্মী। অভিযোগ, আসন ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও ওই কর্মীরা তা মানতে অস্বীকার করেন। ফলে গোটা সফর দাঁড়িয়ে কাটাতে হয় যাত্রীদের।
খবর, চার যাত্রীর টিকিটের মোট মূল্য ছিল ১,৮৭৬ টাকা ৮০ পয়সা। কমিশন নির্দেশ অনুযায়ী, উত্তর-মধ্য রেল ও ভারতীয় রেলকে ৬০ দিনের মধ্যে যৌথভাবে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বার্ষিক ১০ শতাংশ হারে সুদ-সহ সেই অর্থ আদায় করতে পারবেন যাত্রীরা।
