October 15, 2026
WhatsApp Image 2026-10-15 at 1.40.12 PM

গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ এয়ারপোর্ট সংলগ্ন ভাগলপুরে সন্তোষ বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি ফ্যাক্টরি মেড পিস্তল ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল বুধবার রাতে। এই পিস্তল উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিমানবন্দ থানার ওসি নাড়ু গোপাল দেব জানান গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ দল গঠন করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সন্তোষ বিশ্বাসের বাড়ি ঘিরে ফেলা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নিষিদ্ধ কোনও সামগ্রী পাওয়া না গেলেও একটি ট্রাঙ্কের ভিতরে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় একটি পিস্তল। পিস্তলের পাউচের মধ্যে ছিল ১৪ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ম্যাগাজিন। এছাড়া অস্ত্র পরিষ্কারের তেল এবং পরিষ্কারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে এফএসএল-এর প্রতিনিধিরা উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও স্থানীয় গ্রামবাসীরা।

সন্তোষ বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে। তাঁর বিরুদ্ধে আমস ACT অনুযায়ী এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে পূর্বের কোনও মামলা পাওয়া যায়নি। অন্যান্য থানায় তাঁর বিরুদ্ধে কোনও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার সংবেদনশীলতার কথা মাথায় রেখে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, কতদিন ধরে সেটি তাঁর কাছে রয়েছে এবং এর সঙ্গে মাদক পাচার বা অন্য কোনও অপরাধচক্রের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তি নিজেকে দিনমজুর বলে পরিচয় দিয়েছেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত উৎস ও এর পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *