কড়া নিরাপত্তায় আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটদান পর্বকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন পুলিং ষ্টেশনে শুরু হয়ে যায় ভোট গ্রহনের কাজ। ভোট গ্রহণ কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ফলে ভোট পর্বকে ঘিরে কোন ধরনের ঝামেলার খবর সংবাদ লেখা পর্যন্ত আসেনি। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভোট দিয়েছেন। ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, মানুষ শান্তি পূর্ণ ভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজ্য নির্বাচন কমিশন যেভাবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করেছেন এর জন্য তিনি খুশি। পাশাপাশি তিনি বলেন, বিরোধীদের কাছে এখন কিছু বলার নেই। তবে মানুষকে বিভ্রান্ত করতে তারা এখন নতুন করে কথা বলতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের সঙ্গে লোক নেই তবু তারা মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে চলেছে। পুর নিগমের নির্বাচনে তাদেরকে মানুষ আবারো প্রত্যাখ্যান করেছেন। ভোটের ফল প্রকাশ হলেই এই বিষয়টি স্পষ্ট হয়ে
উঠবে। মানিক সাহা বলেন, শহরের মানুষ উন্নয়নের নিরিখেই বিজেপিকে ভোট দিয়েছেন। গত পাঁচ বছর ধরে পুর নিগম এলাকায় যে উন্নয়ন হয়েছে তা ২৫ বছরে বিরোধীরা পারেনি। বিজেপি আগরতলা শহরের চেহারা পাল্টে দিয়েছে। এখন শহরের রাস্তায় পা দিলেই দেখা যায় উন্নয়নের চিত্র। সাড়ে আট বছরের বিজেপি শাসনে আগরতলা শহরের রাস্তা ঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা বেকারদের জন্য কর্ম সংস্থান ইত্যাদি সব কাজ করেছে পুর নিগম। শহরের মানুষ বিজেপির শাসনে অনেক বেশি খুশি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিজেপি গত পাঁচ বছরে এক টাকাও কর বৃদ্ধি করেনি। ফলে করের বোঝা থেকে মুক্তি পেয়েছেন শহরের মানুষ। ভোট শেষ এখন সকল কেই শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলের কর্মীদের বলেন সব এলাকায় শান্তি বজায় রাখার দায়িত্ব নিতে হবে। এদিকে আগরতলা ভূমি লেখ্য দপ্তরের অফিসে নিজের ভোট দিলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা। ধলেশ্বর একটি স্কুলে নিজের ভোট অধিকার প্রয়োগ করলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব ডাক্তার পি কে চক্রবর্তী। আগরতলা পুরো নিগমের নির্বাচনে বিকেল চারটা পর্যন্ত ৭৪ শতাংশ ভোট হয়েছে বলে জানা গেছে নির্বাচন কমিশনের তরফ থেকে।
