November 27, 2026
AAJ 1

হার্দিক পাণ্ড্য পঞ্জাব কিংসে চলে যাওয়ার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সেই জল্পনার অবসান ঘটাল মুম্বই। আগামী মরসুমে দলের নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা।

রোহিতকে অধিনায়ক করার খবর ঘোষণার সময়টিও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। মুম্বইকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রোহিত। তাঁর জার্সি নম্বর ৪৫। সেই দুই সংখ্যাকে মিলিয়েই বিকেল ৫টা ৪৫ মিনিটে অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি।

ঘোষণার ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিল মুম্বই। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে একটি ভিডিও প্রকাশ করে জানানো হয়েছিল, অধিনায়কের নাম ঘোষণার আর ২৪ ঘণ্টা বাকি। সেই পোস্ট দেখেই সমর্থকদের একাংশ রোহিতের প্রত্যাবর্তনের আঁচ করেছিলেন। শেষপর্যন্ত তাঁদের অনুমানই সত্যি হল।

উল্লেখ্য, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১১ বছর মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত। তাঁর নেতৃত্বেই পাঁচ বার আইপিএল ট্রফি জেতে দল। তবে ২০২৪ সালে হার্দিক পাণ্ড্যকে গুজরাত টাইটান্স থেকে দলে নেওয়ার পর রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয় তাঁকে। সেই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। মাঠে বারবার বিদ্রুপের মুখেও পড়তে হয়েছিল হার্দিককে।

হার্দিকের নেতৃত্বে তিন মরসুমের মধ্যে দু’বার প্লে-অফে উঠতে পারেনি মুম্বই। গত মরসুমে দলের পারফরম্যান্স ছিল আরও হতাশাজনক। এবার রোহিতের প্রত্যাবর্তনে পুরনো সাফল্যের পথে ফিরতে পারে কি না মুম্বই, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *