November 27, 2026
WhatsApp Image 2026-11-26 at 8.02.09 PM

২৭ নভেম্বর রাজ্যের ১৬টি পুরসভা, নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে অনুষ্ঠিত হতে চলেছে পুর নির্বাচন। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে সমস্ত ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার মহাকরণে নিজের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পি কে চক্রবর্তী।

তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল অফিসার, জেলা শাসক তথা কালেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক স্তরেও নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ১৬টি নগর সংস্থা মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১,০০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলভিত্তিক প্রার্থীর সংখ্যা হলো বিজেপির ২৬৬ জন, সিপিআইএমের ২৮৮ জন, কংগ্রেসের ২০১ জন, তিপ্রা মথার ৯ জন, সিপিআইয়ের ৬ জন এবং নির্দল প্রার্থী ২৩৩ জন।

অন্যদিকে, অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজ্যের ১৬টি নগর সংস্থার অধীনে মোট ৭০৪টি ভোটকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭৬ হাজার ৬৩০ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৪ জন।

ভোটগ্রহণের দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই পোলিং টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ভোটকর্মীরা নির্দিষ্ট ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক হাজার ভোটকর্মীকে নিয়োগ করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশাসন। রাজ্যজুড়ে প্রায় ৭ হাজার ত্রিপুরা পুলিশ ও টিএসআর কর্মীর পাশাপাশি ৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। প্রতিটি স্পর্শকাতর এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনার জানান, আগামীকাল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলা শাসকদেরও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে নারী ক্ষমতায়নের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার জন্য মোট ১৬টি সম্পূর্ণ মহিলা পরিচালিত পোলিং টিম গঠন করা হয়েছে। এর মধ্যে খোয়াই জেলায় ৭টি, ঊনকোটি জেলায় ৩টি, ধলাই জেলায় ১টি, উত্তর ত্রিপুরা জেলায় ৪টি এবং গোমতী জেলায় ১টি মহিলা পরিচালিত পোলিং টিম দায়িত্ব পালন করবে।

রাজ্য নির্বাচন কমিশনারের আশা, রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটকর্মী এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতায় এবারের পুর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে পৌঁছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।

সব মিলিয়ে নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি থেকে শুরু করে ভোটগ্রহণ ও নিরাপত্তা—প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। এখন অপেক্ষা আগামীকালের ভোটগ্রহণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *