August 10, 2026
AAJ 1

ভারত মহাসাগরের সঙ্গে রেলপথে সংযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, বসফরাস ও হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে ভারত পর্যন্ত বিকল্প স্থলপথ গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

খুসনুলিনের প্রস্তাব অনুযায়ী, তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা যেতে পারে। তাঁর মতে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে এই বিকল্প রুট রাশিয়ার বাণিজ্য ও পণ্য পরিবহণে সহায়ক হবে।

ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। বিশেষ করে রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে ভারত। ২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভারত-রাশিয়া বাণিজ্যের বিকল্প স্থলপথ হিসেবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডর (আইএনএসটিসি) গড়ে তোলার উদ্যোগ চলছে। মুম্বই থেকে রাশিয়া পর্যন্ত এই করিডরের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ইরানের রাশ্‌ত-আস্তারা রেলপথ নির্মাণ করছে রাশিয়া-ইরান। প্রায় ১৬২ কিলোমিটার দীর্ঘ এই ‘মিসিং লিঙ্ক’ সম্পন্ন হলে করিডরটির কার্যকারিতা আরও বাড়বে।

২০২৫ সালে রাশিয়া ও ইরান এ প্রকল্পে ২০ বছরের অংশীদারি চুক্তি করে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬০ কোটি ইউরো। তবে দুর্গম ভূপ্রকৃতি ও ইরানের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। সংশ্লিষ্টদের আশা, রেলপথটি চালু হলে এশিয়া-ইউরোপ বাণিজ্যে সময় ও পরিবহণ ব্যয় কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *