জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার-এ সম্মানিত হওয়ায় সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-কে অভিনন্দন জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তিনি এই স্বীকৃতিকে হিমালয় ঘেরা রাজ্যের মানুষের জন্য “গর্বের মুহূর্ত” বলে উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান এবং মানুষের সেবায় অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “এই সম্মান সম্পূর্ণভাবে প্রাপ্য। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, দ্রুত প্রতিক্রিয়া এবং রাজ্যজুড়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে কর্তৃপক্ষের নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টারই প্রতিফলন এই পুরস্কার। এই জাতীয় স্বীকৃতিতে সিকিমবাসী অত্যন্ত গর্বিত।”
মুখ্যমন্ত্রী সংস্থার আধিকারিক, কর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই সম্মান ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে মানুষের জীবন ও সমাজকে সুরক্ষিত রাখতে অনুপ্রেরণা জোগাবে।
