ঢাকা বোট ক্লাবকাণ্ডে দায়ের হওয়া মামলায় অবশেষে জামিন পেলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান অভিনেত্রী। শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক মাহফুজুর রহমান।
জানা গিয়েছে, ২০২২ সালে ব্যবসায়ী নাসিরউদ্দিন মেহমুদ পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর এবং ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০২১ সালে পরীমণি ও তাঁর সহযোগীরা ঢাকা বোট ক্লাবে বিনামূল্যে মদ চেয়েছিলেন। সেই দাবি না মানায় বচসা শুরু হয়। একপর্যায়ে পরীমণি গ্লাস ও ফোন ছুড়ে মারেন বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন।
অন্যদিকে, ওই ঘটনায় নাসিরউদ্দিন-সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ তুলেছিলেন পরীমণিও। সংশ্লিষ্ট মামলায় একাধিকবার আদালতে হাজিরা না দেওয়ায় বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানিয়েছেন, বৃহস্পতিবার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। ফলে আপাতত স্বস্তি পেলেন অভিনেত্রী।
