May 27, 2026
AAJ 1

‘কাক-পক্ষীতেও টের পাবে না’-বন্ধুর মুখে এই আশ্বাস অনেকেই শুনেছেন। কেউ গোপন কথা বললেন আর আপনি প্রতিশ্রুতি দিলেন, বিষয়টি আর কারও কানে যাবে না। কিন্তু কিছু দিন যেতে না যেতেই অস্বস্তি শুরু। মনে হতে লাগল, কথাটা কাউকে না বললে যেন শান্তি মিলছে না। শেষে আর চেপে রাখতে না পেরে অন্য কাউকে বলেই ফেললেন। তবে তাঁর কাছ থেকেও নিয়ে নিলেন একই প্রতিশ্রুতি— ‘কাউকে বলবেন না কিন্তু!’

এই দৃশ্য নতুন নয়। প্রায় সকলের জীবনেই কখনও না কখনও এমন অভিজ্ঞতা এসেছে। কথা গোপন রাখা ব্যাপারটা বাইরে থেকে সহজ মনে হলেও, বাস্তবে তা অনেকের পক্ষেই কঠিন। কেন এমন হয়?

মনোবিজ্ঞান বলছে, এর পিছনে কাজ করে গভীর মানসিক টানাপোড়েন। গোপন রাখা মানে শুধু চুপ করে থাকা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানসিক চাপ এবং দায়িত্ববোধ। কেউ যখন ব্যক্তিগত বা গোপন তথ্য আপনার সঙ্গে ভাগ করে নেন, তখন তিনি আসলে আপনার উপর একটি ভরসা রাখেন। সেই ভরসা রক্ষা করাটাই হয়ে ওঠে মানসিক দায়িত্ব।

কোনও গোপন বিষয় মনে ধরে রাখলে তা মনের উপর অদৃশ্য চাপ তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে বারবার ভাবতে থাকেন অনেকেই। ফলে দৈনন্দিন কাজেও প্রভাব পড়ে। মনোযোগ কমে যায়, অস্বস্তি বাড়তে থাকে।

মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ‘কগনিটিভ ডিসোন্যান্স’ বলা হয়। অর্থাৎ, মনের ভিতরে দুটি বিপরীত ইচ্ছার সংঘাত। একদিকে গোপন কথা প্রকাশ করার প্রবল ইচ্ছে, অন্যদিকে তা চেপে রাখার বাধ্যবাধকতা। এই টানাপোড়েন থেকেই মানসিক অস্বস্তি তৈরি হয়।

অনেক সময় মানুষ গোপন কথা বলে ফেলেন শুধুমাত্র মানসিক ভার কমানোর জন্য। কারণ, দীর্ঘ সময় ধরে নিজেকে আটকে রাখা সহজ নয়। কথা বলে ফেললে সাময়িক স্বস্তি আসে। মনে হয়, ভিতরের চাপ কিছুটা হলেও কমল।

তবে সব কথা সকলের সঙ্গে ভাগ করে নেওয়াও উচিত নয়। আবেগের বশে বলা কোনও গোপন তথ্য সম্পর্কের অবনতি ঘটাতে পারে, এমনকি নতুন সমস্যারও জন্ম দিতে পারে। তাই কোন কথা কাকে বলা উচিত, আর কোন কথা নিজের মধ্যেই রাখা প্রয়োজন, সেই বোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন রাখা আর তা প্রকাশ করা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রয়োজন। মনের ভার কমাতে বিশ্বাসযোগ্য কারও সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের সুরক্ষা বজায় রাখতে কিছু বিষয় নিজের মধ্যেই রেখে দেওয়াও বুদ্ধিমানের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *