মুখ্যমন্ত্রী সমীপেশু’ কর্মসূচি রাজ্যের নাগরিক ও প্রশাসনের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ চিকিৎসা, সমাজকল্যাণ এবং অন্যান্য ব্যক্তিগত সমস্যার দ্রুত সমাধান ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন। বুধবার আগরতলার টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত ‘মুখ্যমন্ত্রী সমীপেশু’-এর ৭০তম পর্বে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান, এই উদ্যোগ সরকারের জনমুখী ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন। এর ফলে সাধারণ মানুষের কাছে প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য হচ্ছে এবং তাদের সমস্যার প্রতি দ্রুত সাড়া দেওয়া সম্ভব হচ্ছে।
আজকের পর্বে তিনি উপস্থিত নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে কাঞ্চনপুরের বাসিন্দাদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
এদিন মুখ্যমন্ত্রী ‘যোদ্ধা’ নামে একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
