July 15, 2026
AAJ 2

ফের উত্তপ্ত মণিপুর। মঙ্গলবার রাতে সেনাপতি শহরে অসম রাইফেলসের একটি শিবির ঘিরে হামলা চালানোর অভিযোগ উঠল একদল উত্তেজিত জনতার বিরুদ্ধে। শিবির লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি বাহিনীর একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়।

সেনার এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে মাকুইলংড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযানে যায় অসম রাইফেলস। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই এলাকায় দেখা যাওয়া সশস্ত্র ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)-এর সদস্য বলে সন্দেহ করা হয়েছিল।

অসম রাইফেলস সূত্রে জানা গিয়েছে, মাকুইলংড়ি এবং ওকলং গ্রামে তল্লাশি চালানোর সময় স্থানীয় বাসিন্দা ও মহিলাদের একাংশের বাধার মুখে পড়ে বাহিনী। গ্রামে প্রবেশের পথে তাঁরা বিক্ষোভ দেখান এবং বাহিনীকে আটকে দেন। নিরাপত্তার স্বার্থে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। পরে বাহিনী শিবিরে ফিরে আসে।

এর পর রাত প্রায় ৯টা নাগাদ সেনাপতি শহরে অসম রাইফেলসের শিবির ঘিরে ফেলেন কয়েকশো মানুষ। অভিযোগ, শিবির এবং জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। বিক্ষোভকারীরা বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সেনাপতি থানার পুলিশ ও সিআরপিএফ। পুলিশ সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে চলছে নিয়মিত টহলদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *