বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। উত্তর-পূর্ব ভারতের সীমান্ত রাজ্য অরুণাচলে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৪,২০০ মানুষ। ২৬ জেলার ২৩৭ ব্লকের ৩৩৩ গ্রামে বন্যার প্রকোপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপার সিয়াং, এরপর রয়েছে সিয়াং ও ক্রা ডাডি।
আপার সুবনসিড়িতে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে আর আপার সিয়াংয়ে ভূমিধস হয়েছে ১৬টি জায়গায়। এপর্যন্ত মৃতের সংখ্যা ৪। আঞ্জাও জেলার সারতি গ্রামে ভূমিধসে একজনের মৃত্যু ঘটে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে কেয়ি পানইয়োর জেলার পোসায় হড়পা বানে। এই ঘটনায় ২১ জন আহত এবং এখনও দুই মহিলার খোঁজ মেলেনি।
দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বণ্টনে কাজ করছে এনডিআরএফ, অরুণাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী এবং রাজ্যের অন্যান্য বিভাগ। বন্যার প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে সরকারি পরিকাঠামো ও কৃষিজমিতে। ৩৩৪ হেক্টর জমির ফসল জলের তলায়, এর মধ্যে ১৮৫ হেক্টর বাগিচা কৃষিজমি এবং ১৪৮ হেক্টর সাধারণ কৃষিজমি। ১০১০ হেক্টর বনবিভাগের এলাকা বর্তমানে রয়েছে জলে ডুবে। দুটি আশ্রয় শিবির খোলা হয়েছে কেয়ি পানইয়োর জেলায়, যেখানে ঘরহারা ২৫২ জন রয়েছে।
