July 28, 2026
WhatsApp Image 2026-07-28 at 1.48.56 AM

জাতীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা আরও শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কোর আজ থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে কর্মরত কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর জওয়ানদের জন্য দু’সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।

মিলিটারি-সিভিল ফিউশন কর্মসূচির আওতায় আয়োজিত এই যৌথ উদ্যোগের লক্ষ্য, দুই বাহিনীর অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, কৌশলগত প্রস্তুতি বাড়ানো এবং পরিবর্তিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ বিমান পরিকাঠামোকে আরও সুরক্ষিত করে তোলা।

১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা সিআইএসএফ জওয়ানদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে শিল্প ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তা, গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনার সুরক্ষা, কুইক রিঅ্যাকশন টিম (কিউ.আর.টি.)-এর মহড়া এবং ড্রোন প্রতিরোধ ও সংশ্লিষ্ট হুমকি মোকাবিলার কৌশল।

প্রশিক্ষণ তদারকিতে থাকা এক প্রতিনিধি বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত দক্ষতা এবং বিমানবন্দর নিরাপত্তায় সিআইএসএফ-এর বিশেষ অভিজ্ঞতার সমন্বয়ে আগরতলার প্রধান বিমানবন্দরের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং তাদের দক্ষতা উন্নয়নে ভারতীয় সেনাবাহিনীর ধারাবাহিক উদ্যোগেরই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *