October 26, 2026
AAJ 2

বিকেলের চায়ের কাপে চুমুক দিতে দিতে সঙ্গে দু-একটা বিস্কুট—অনেকের কাছেই এই অভ্যাস বেশ প্রিয়। আবার হালকা খিদে পেলেও বিস্কুট খেতে পছন্দ করেন অনেকে। কিন্তু বাজারের কিছু বিস্কুটে অতিরিক্ত চিনি, পরিশোধিত ময়দা ও ফ্যাট থাকতে পারে। তাই নিয়মিত বিস্কুট খাওয়ার অভ্যাস থাকলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন নানা ধরনের বিকল্প। ওটস, গোটা গমের আটা, রাগি, বাদাম ও খেজুরের মতো উপকরণ দিয়ে সহজেই বানানো যায় সুস্বাদু বিস্কুট। রইল পাঁচটি সহজ রেসিপি।

ওটসের বিস্কুট

উপকরণ: ১ কাপ ওটস, ১টি পাকা কলা, ১ চা চামচ মধু, সামান্য দারচিনি গুঁড়ো

প্রণালী: প্রথমে ওটস সামান্য গুঁড়িয়ে নিন। অন্য একটি পাত্রে পাকা কলা ভালো করে চটকে তার সঙ্গে ওটস, দারচিনি গুঁড়ো ও ইচ্ছেমতো মধু মিশিয়ে নিন। মিশ্রণটি থেকে ছোট ছোট বিস্কুটের আকার তৈরি করে বেকিং ট্রেতে সাজিয়ে রাখুন। আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে রাখা ওভেনে ১৫–২০ মিনিট বেক করুন। বিস্কুটগুলি ঠান্ডা হলে পরিবেশন করুন।

গমের আটার বিস্কুট

উপকরণ: ১ কাপ গোটা গমের আটা, ২–৩ টেবিল চামচ গুঁড়ো চিনি, ৩ টেবিল চামচ ঘি বা তেল, ২–৪ টেবিল চামচ দুধ, সামান্য এলাচ গুঁড়ো

প্রণালী: একটি পাত্রে আটা, গুঁড়ো চিনি ও এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে ঘি বা তেল দিয়ে মিশ্রণটি মেখে নিন। অল্প অল্প করে দুধ দিয়ে মণ্ড তৈরি করুন। মণ্ডটি বেলে পছন্দমতো আকারে কেটে বেকিং ট্রেতে সাজান। ১৭০–১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২–১৮ মিনিট বেক করুন। বিস্কুটের উপরিভাগ সোনালি হলে ওভেন থেকে বের করে ঠান্ডা হতে দিন।

কলা ও চিনাবাদামের বিস্কুট

উপকরণ: ১টি পাকা কলা, ৩–৪ টেবিল চামচ পিনাট বাটার, আধ কাপ ওটস

প্রণালী: প্রথমে কলা ভালো করে চটকে নিন। তাতে পিনাট বাটার ও গুঁড়ো করা ওটস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি থেকে ছোট ছোট বিস্কুট তৈরি করে বেকিং ট্রেতে রাখুন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২–১৫ মিনিট বেক করুন। বিস্কুটের উপরিভাগ হালকা বাদামি হলে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

রাগির বিস্কুট

উপকরণ: ১ কাপ রাগির আটা, ২–৩ টেবিল চামচ গুড়ের গুঁড়ো, ৩ টেবিল চামচ ঘি, সামান্য এলাচ গুঁড়ো, প্রয়োজনমতো দুধ

প্রণালী: একটি পাত্রে রাগির আটা, গুড়ের গুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। এবার ঘি দিয়ে ভালো করে মেখে অল্প অল্প দুধ মিশিয়ে মণ্ড তৈরি করুন। মণ্ড থেকে ছোট ছোট বিস্কুটের আকার তৈরি করে বেকিং ট্রেতে সাজিয়ে রাখুন। আগে থেকে ১৭০–১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করা ওভেনে ১২–১৮ মিনিট বেক করুন। বিস্কুটগুলি ঠান্ডা হলে চায়ের সঙ্গে পরিবেশন করুন।

বাদাম ও খেজুরের বিস্কুট

উপকরণ: আধ কাপ বাদাম গুঁড়ো, ৫–৬টি বীজ ছাড়ানো নরম খেজুর, ১টি ছোট কলা অথবা সামান্য দুধ, এক চিমটি এলাচ গুঁড়ো

প্রণালী: প্রথমে খেজুর গরম জলে কয়েক মিনিট ভিজিয়ে নরম করে নিন। এরপর খেজুর বেটে মিহি পেস্ট তৈরি করুন। তাতে বাদাম গুঁড়ো, চটকানো কলা অথবা সামান্য দুধ এবং এলাচ গুঁড়ো মিশিয়ে মণ্ড তৈরি করুন। মিশ্রণ থেকে ছোট ছোট বিস্কুট বানিয়ে বেকিং ট্রেতে সাজান। ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১০–১৫ মিনিট বেক করুন। বিস্কুট ঠান্ডা হলে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *