July 16, 2026
AAJ 2

অভিনেত্রী শাহনাজ গিল এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং প্রকাশ্যে একে অপরের পাশে থাকার মুহূর্তগুলো সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ শাহনাজ। রাঘবকে তিনি ‘খুব ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে শাহনাজ জানান, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চান না। এরপর প্রসঙ্গ ঘুরিয়ে তিনি দর্শকদের রাঘব অভিনীত নতুন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’ দেখার আবেদন জানান।

শাহনাজ বলেন, “ও আমার খুব ভালো বন্ধু। ওর ছবিটা সফল হওয়া খুব দরকার।” তিনি আরও জানান, নায়ক হিসেবে এটি রাঘবের প্রথম বড় ছবি। কোনও পারিবারিক বা ইন্ডাস্ট্রির পরিচিতির ওপর নির্ভর না করে নিজের পরিশ্রমে তিনি জায়গা তৈরি করেছেন। তাই তাঁর পরিশ্রমের স্বীকৃতি দিতে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানান অভিনেত্রী।

এদিকে, একই সাক্ষাৎকারে থেরাপি নিয়ে শাহনাজের মন্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। থেরাপির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর নিজের থেরাপির প্রয়োজন নেই। তবে যাঁরা অহং নিয়ন্ত্রণ করতে পারেন না, তাঁদের থেরাপির প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শাহনাজের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেকেই তাঁর পুরনো একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন, যেখানে অভিনেত্রী জানিয়েছিলেন, রাগ নিয়ন্ত্রণের জন্য তিনি পেশাদার থেরাপির সাহায্য নিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, জীবনের যেকোনও পর্যায়ে যে কারও মানসিক সহায়তার প্রয়োজন হতে পারে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয়। ফলে শাহনাজের সাম্প্রতিক মন্তব্য ও আগের বক্তব্যের মধ্যে পার্থক্য নিয়েই এখন আলোচনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *