October 17, 2026
AAJ 2

রাজস্থানের কোটা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন প্রায় ১৭ জন। শনিবার সকালে পুণ্যার্থীবাহী একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে প্রায় ২০ ফুট নীচে নালায় পড়ে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বেতুল জেলার ২০ জন বাসিন্দা খাটুশ্যাম মন্দির দর্শনে যাচ্ছিলেন। শুক্রবার রাতে বেতুল থেকে রওনা দিয়েছিল গাড়িটি। শনিবার সকাল ৭টা নাগাদ কারাড়িয়া টোল প্লাজা পেরিয়ে সুলতানপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রথমে গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে, তারপর ডিভাইডার ভেঙে নালায় পড়ে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও তিন জন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে গ্রামবাসী ও পথচারীরা উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের হাসপাতালে পাঠাতে অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধারে ক্রেনও কাজে লাগানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *