April 19, 2026
AAJ 1

খাওয়ার পর পেটফাঁপা, বুকে-পেটে অস্বস্তি, বারবার ঢেকুর, এইগুলি অনেকেরই প্রায় রোজকার সমস্যা। সমস্যাগুলি খুব সাধারণ হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই এগুলিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। পুষ্টিবিদদের মতে, ঘন ঘন এমন সমস্যা দেখা দিলে তা হজম প্রক্রিয়ার গোলযোগের ইঙ্গিত হতে পারে। তবে এই সমস্যার সহজ সমাধান হতে পারে একটি মিশ্রণ। মাত্র পাঁচটি সাধারণ উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই কার্যকরী টোটকা।

উপকরণ

বিশুদ্ধ অ্যালোভেরা জেল
লেবু
জোয়ান
আমলকি
কালো নুন
হিং (ইচ্ছানুযায়ী)

প্রস্তুত প্রণালী

সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রোদে বা হাওয়ায় শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ শুকিয়ে গেলে একটি বায়ুনিরোধী পাত্রে ভরে রাখুন।

কীভাবে ও কখন খাবেন?

ঈষদুষ্ণ জলে এক চামচ এই গুঁড়ো মিশিয়ে ধীরে ধীরে পান করতে হবে। ভারী খাবারের পর, ব্যস্ত দিনের মাঝে, কিংবা পেটফাঁপা বা অস্বস্তি হলে এটি খাওয়া যেতে পারে।

কেন উপকারী?

পুষ্টিবিদদের মতে, এই মিশ্রণের প্রতিটি উপাদানই হজমে সহায়ক। জোয়ানে থাকা থাইমল পাচক রস নিঃসরণ বাড়িয়ে হজমে সাহায্য করে। হিং গ্যাস নিরসনে উপকারী এবং অন্ত্রের পেশিকে শিথিল করে। অ্যালোভেরা প্রদাহ কমাতে সাহায্য করে। লেবুর রস পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। আমলকি হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কালো নুন অতিরিক্ত গ্যাস শোষণে সাহায্য করে।
কিন্তু এটি সাময়িক স্বস্তি দিলেও, স্থায়ী সমাধান নয়। তাই নিয়মিত পেটফাঁপা, তীব্র পেটব্যথা, বমিভাব বা হজমে বড় সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *