November 18, 2026
WhatsApp Image 2026-11-18 at 2.29.33 AM

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে মাদকবিরোধী তৎপরতা জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় পুলিশের এক প্রতিরোধমূলক অভিযানে বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মহারাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর সৌরভ সাহা নিজ এলাকার মধ্যে প্রতিরোধমূলক টহল চালানোর সময় ঝুলন্ত সেতু সংলগ্ন এলাকায় দুটি মারুতি গাড়িকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখেন। পুলিশের গাড়ি দেখে গাড়ি দুটি দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে। পরে যোগরামুড়া রোডের শনি মন্দির সংলগ্ন এলাকা থেকে গাড়ি দুটিকে আটক করা হয়।

গাড়িতে তল্লাশির সময় কার্টুন থেকে ওষুধের গন্ধ পাওয়ায় পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। এরপর বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসি কৃষ্ণ দত্ত সরকারকে জানানো হয়। পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ড্রাগ ইন্সপেক্টর এবং দুই স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে আইনানুগভাবে গাড়ি দুটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মোট আটটি কার্টুন থেকে কোডিন ফসফেটযুক্ত নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। ঘটনায় এনডিপিএস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই নিষিদ্ধ কাফ সিরাপের উৎস, পরিবহণের উদ্দেশ্য এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আসন্ন পুর নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *