এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধীদের করা মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ৯ ডিসেম্বর। তবে কোনও নোটিস জারির আগে নির্বাচন কমিশনের বক্তব্য শুনতে চায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়।
শুনানিতে বিরোধীদের পক্ষে আইনজীবী কপিল সিবাল জানান, সোমবার কংগ্রেস-সহ বিরোধী শিবিরের তরফে মোট ৪৮টি প্রশ্ন জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের হলফনামায় সেই প্রশ্নগুলির যথাযথ উত্তর মেলেনি বলে অভিযোগ করেন তিনি। তাই নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার এবং তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেলের কাছে জবাব চেয়ে নোটিস জারির আবেদন জানান।
এর পাল্টা নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী হরিশ সালভে বলেন, বিষয়টি নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, বিরোধীদের উত্থাপিত প্রশ্নগুলির বিষয়ে আগে নির্বাচন কমিশনের বক্তব্য শোনা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়াও নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। ওই হলফনামায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর অনুমোদন ছিল কি না, তা জানতে চেয়েছে তারা। তিন কমিশনারের অনুমোদনের সরকারি নথিও চাওয়া হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পাল্টা হলফনামায় দাবি করা হয়েছে, তিন কমিশনারের সম্মিলিত অনুমোদনের পরেই আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। ফলে এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগ ও নির্বাচন কমিশনের বক্তব্যের প্রেক্ষিতে আগামী ৯ ডিসেম্বরের শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল ও সংশ্লিষ্ট মহলের।
