আই সি টি কম্পিউটার শিক্ষার বেহাল দশা! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি জমা দিতে মিছিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের। রাজ্যের স্কুলগুলিতে আই সি টি কম্পিউটার শিক্ষার বেহাল দশা। ছাত্রছাত্রীরা যথাযথ কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন নিযুক্ত শিক্ষক-প্রশিক্ষকরাও। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে শুক্রবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের করল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পরবর্তী সময় মিছিল টিকে পুলিশ আটক করে দেন সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শিক্ষা সচিব ও স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর প্রতিটি জেলার জেলাশাসকের মাধ্যমেও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার কোনও কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ সংঘের। তাঁরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরোধী নন। বরং রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চান। আইসিটি কম্পিউটার শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ও হস্তক্ষেপ চাইছেন তাঁরা। এমনকি এই শিক্ষা ব্যবস্থা চালানো সম্ভব না হলে একযোগে পদত্যাগ করতেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিনের কর্মসূচিতে অল ইন্ডিয়া বিএমএসের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি ত্রিপুরা ঠিকা মজদুর সংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এখন দেখার, স্কুলগুলিতে আইসিটি কম্পিউটার শিক্ষার ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার কতটা সমাধান হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বভারতীয় বিএমএসের
সভাপতি শঙ্কর মল্লেশম বলেন, এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ন্যায্য। তাই তাদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে আলোচনার জন্য সময় দিতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। অন্যথায়, দাবি পূরণ না হলে গোটা ত্রিপুরা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে শ্রমিক সংগঠন।
