November 17, 2026
WhatsApp Image 2026-11-17 at 12.52.00 AM

আগামী ২৭ নভেম্বর ত্রিপুরার পুর নির্বাচন। নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (CPMF) মোতায়েনের দাবি জানাল সিপিএম। এই দাবিতে সোমবার রাজ্য নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধী দলের প্রার্থীদের বাধার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে বেরিয়ে দলীয় প্রার্থীরা হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে সাধারণ ভোটারদের মধ্যেও ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, গত ১২ অক্টোবর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেও প্রায় এক মাস পর রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য মাত্র তিন দিন আগে চিঠি পাঠানো হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

তাঁদের অভিযোগ, রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীদের আস্থা নেই। তাই প্রতিটি বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ২০২১ সালের মতো নির্বাচনী পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই দাবিও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আসিস কুমার সাহা। এদিকে মহাকরণে রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পিকে চক্রবর্তীর অফিস রুমের সামনে বিক্ষোভ চলাকালীন ঘটনার খবর পেয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, আইজি আইন-শৃঙ্খলা ঘটনাস্থলে ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী সহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আই জি আইন-শৃঙ্খলা বলেন এডিসি নির্বাচনে এর আগে কখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। তবে প্রশাসনের উদ্যোগ ও অনুরোধের ভিত্তিতেই এবার এডিসি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনা সম্ভব হয়েছে বলে দাবি করলেন। আসন্ন পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, বিরোধীদের দাবি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী এলে তাঁরা স্বাগত জানাবেন।

তিনি বলেন, বর্তমানে রাজ্যের পুর নিগম, পুর পরিষদ ও পঞ্চায়েত এলাকাগুলিতে একটি করে কোম্পানি CAPF মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত চার থেকে পাঁচ কোম্পানি বাহিনী বিভিন্ন জায়গায় রিজার্ভ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হবে।

বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, কমলপুর, খোয়াই, আমবাসা ও আগরতলার বিভিন্ন ঘটনার ক্ষেত্রে মামলা দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ক্ষেত্রে আইন অনুযায়ী সরাসরি গ্রেফতারের সুযোগ নেই, সেখানে অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়েছে।

তবে প্রশাসনের এই বক্তব্যের বিরোধিতা করে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, পুলিশের পদক্ষেপ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবে কোনও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্কও হয়। পরবর্তী সময়ে বিকেল ঠিক চারটা নাগাদ রাজ্য ইলেকশন কমিশনারের প্রতিনিধি হিসেবে আইজি (ল অ্যান্ড অর্ডার) এবং পশ্চিম ত্রিপুরার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনায় বসে থাকা কংগ্রেস কর্মীদের সামনে এসে বলেন তাঁদের দাবির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।

বিরোধী কংগ্রেস দলের বক্তব্য, অতীতের নির্বাচনগুলিতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হলেও এবারের নির্বাচনেও অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাদের দাবি, নির্বাচন কমিশন যদি মানুষের ভোটাধিকার সুরক্ষার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে রাজ্য নির্বাচন কমিশনারের পদে থাকার নৈতিক যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। ২০২১ সালের মতো রাজ্যের পুরোও নগর নির্বাচনকে প্রহসনে পরিণত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন কংগ্রেস দল। পাশাপাশি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক আশ্বাস না মিললে আরও বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন প্রদেশ কংগ্রেস দলের নেতৃত্ব। জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষকেও পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

আধিকারিকের বক্তব্য অনুযায়ী, তিনি বলেন, বিরোধী দলের প্রতিনিধিরা যে বিষয়টিকে ‘রিকোয়েস্ট’ বলছেন, সেটি আসলে তাঁদের ‘ডিমান্ড’। তিনি আশ্বস্ত করেন, আগামী ৭২ ঘণ্টা নয়, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রশাসন তাঁদের পাশে থাকবে।

এদিকে আইজি আইন-শৃঙ্খলা বলেন কোন অভিযোগ থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে অভিযোগের ভিত্তিতে তৃণমূল স্তরেই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী (CIPF) মোতায়েনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি, পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তরফে আরও জোরালোভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *