August 24, 2026
AAJ 2

কুকি ও নাগা জনগোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর। সোমবার সকালে সেনাপতি জেলায় দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে সিআরপিএফের এক সাব-ইনস্পেক্টর আহত হয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে খবর, সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একটি বাড়ি নাগা এবং অন্যটি কুকি সম্প্রদায়ের। এরপর সকাল ১০টা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষের মাঝে পড়ে সিআরপিএফের ৩৬তম ব্যাটালিয়নের সাব-ইনস্পেক্টর প্রদীপ সিংহ আহত হন। অশান্তির আশঙ্কায় স্থানীয়দের একাংশ এলাকা ছেড়ে চলে যান। পরে স্থানীয়রা ডিমাপুর-ইম্ফল সংযোগকারী ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।   

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষের জেরে দীর্ঘদিন ধরে অস্থিরতা রয়েছে। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এদিকে, রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লি গিয়েছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এন বীরেন সিংহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *