নখ সাজাতে এবার নতুন চমক নেলপলিশ পেন। দেখতে স্কেচ পেনের মতো হলেও এটি দিয়ে সহজেই নখে রং করা যায়। আলাদা শিশি বা ব্রাশের ঝামেলা নেই। তাই অল্প সময়েই নখ সাজাতে এই পেন বেশ সুবিধাজনক।
কী কী সুবিধা?
নেলপলিশ পেনের সরু ডগা দিয়ে নখের কোণেও সহজে রং লাগানো যায়। ফলে নখের পাশের চামড়ায় রং লেগে যাওয়ার আশঙ্কা কমে। ব্যাগে বহন করাও সহজ। কাচের শিশির মতো ভেঙে যাওয়ার ভয় নেই। অনুষ্ঠানে যাওয়ার আগে নখের রং উঠে গেলে দ্রুত তা ঠিক করে নেওয়া যায়। নেল আর্টের নকশা আঁকার জন্যও কিছু পেন পাওয়া যায়।
রঙেরও বাহার
লাল, হলুদ, নীল, সবুজ, কমলা-সহ নানা রঙে মিলছে নেলপলিশ পেন। হালকা ও গাঢ় রঙের পাশাপাশি ম্যাট এবং জেল ফিনিশের বিকল্পও রয়েছে। একাধিক রঙের সেটও কিনতে পারেন।
দাম কত?
অনলাইনে প্রায় ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে নেলপলিশ পেন। পুরো সেটের দাম হতে পারে প্রায় আড়াই হাজার টাকা। সহজ ব্যবহার ও সুবিধার কারণে নখ সাজানোর এই নতুন উপকরণ হয়ে উঠছে আকর্ষণের কেন্দ্র।
