July 17, 2026
AAJ 1

টক-ঝাল-মিষ্টি স্বাদের পদ খেতে ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিনের মুইঠ্যা। চিতল মাছের মুইঠ্যার আদলে তৈরি এই রান্না যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। অতিথি আপ্যায়নে নিরামিষ পদ হিসেবেও জমে যাবে এই রান্না। গরম ভাতের সঙ্গে এই মশলাদার পদ সহজেই মন জিতে নেবে সকলের। রইল রেসিপি।

কী কী লাগবে

১০০ গ্রাম সয়াবিন
৫ টেবিলচামচ সর্ষের তেল
২ টেবিলচামচ বেসন
২ টেবিলচামচ আদা-কাঁচালঙ্কা বাটা
আধ চা-চামচ জিরেগুঁড়ো
আধ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ হলুদ
২ চিমচে গরমমশলার গুঁড়ো
আধ চা-চামচ কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো
আধ চা-চামচ চিনি
১টি তেজপাতা
১টি এলাচ
১টি ছোট দারচিনি
২ চিমটে গোটা জিরে
এক চিমটে হিং
১টি মাঝারি টম্যাটো
১টি বড় আলু
স্বাদমতো নুন
২টি কাঁচালঙ্কা

কীভাবে বানাবেন
একটি পাত্রে পর্যাপ্ত জল গরম করে তাতে আধ টেবিলচামচ নুন দিন। ১০০ গ্রাম সয়াবিন দিয়ে ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে সয়াবিন ঠান্ডা করুন এবং অতিরিক্ত জল ভালোভাবে চিপে বের করে নিন। এরপর মিক্সারে সয়াবিন হালকা করে বেটে নিন। বাটা সয়াবিনের সঙ্গে আদা-কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও পরিমাণমতো বেসন মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর মিশ্রণটি থেকে চিতল মুইঠ্যার মতো লম্বাটে গোল আকৃতির মুইঠ্যা তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে আঁচ মাঝারি রেখে মুইঠ্যাগুলি সোনালি রং হওয়া পর্যন্ত দুই দিক ভেজে তুলে রাখুন। একই তেলে নুন-হলুদ মাখানো আলুর টুকরো হালকা ভেজে নিন। এরপর ওই কড়াইয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে ও এক চিমটি হিং ফোড়ন দিন। কয়েক সেকেন্ড ভেজে টমেটো কুচি ও আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিন।
এরপর সামান্য জল দিয়ে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি ও কাঁচালঙ্কা মিশিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন। ভাজা আলু যোগ করে ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। তারপর দুই কাপ গরম জল, স্বাদমতো নুন ও চিনি দিয়ে ঢেকে ১০ মিনিট ফুটতে দিন। আলু প্রায় সিদ্ধ হয়ে এলে ভাজা মুইঠ্যাগুলি ঝোলে দিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। শেষে গরম মশলার গুঁড়ো ও সামান্য ঘি ছড়িয়ে ঢেকে কয়েক মিনিট রেখে দিন। মশলার সুগন্ধ ঝোলে মিশে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সয়াবিনের মুইঠ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *