বাইরে ঝুম বৃষ্টি, আর ঘরের ভিতরে মাটির হাঁড়ি থেকে ভেসে আসছে সোঁদা গন্ধে ভরা গরম গরম দম পনিরের সুবাস—এমন পরিবেশে জমে যাবে ভোজ। দম রান্নার ঝক্কি ছাড়াই সহজেই তৈরি করা সম্ভব দম পনির। শিখে নিন কৌশল।
কী কী লাগবে
পনির ৪০০ গ্রাম
তেল ২ টেবিল চামচ
তেজপাতা ২টি
সবুজ এলাচ ২টি
লবঙ্গ ২টি
আদাবাটা ১ চা চামচ
রসুনবাটা ১ চা চামচ
লঙ্কাবাটা ১ চা চামচ
পেঁয়াজবাটা আধ কাপ
জিরেগুঁড়ো আধ চা চামচ
ধনেগুঁড়ো দেড় টেবিল চামচ
গুঁড়ো করা গোলমরিচ ৬-৮টি
মাঝারি আকারের দারচিনির টুকরো
ফেটানো দই আধ কাপ
ফ্রেশ ক্রিম আধ কাপ
গরমমশলা আধ টেবিল চামচ
টাটকা ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
পুদিনাপাতা আধ টেবিল চামচ
গোলাপজল দেড় টেবিল চামচ
এক চিমটে কেসর
স্বাদমতো নুন
৫টি গোলাপের পাপড়ি কয়েকটি
কীভাবে বানাবেন
পনির ১ সেন্টিমিটার আকারের কিউব করে কেটে নিন। একটি মাটির পাত্র ভালোভাবে ধুয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোঁড়ন দিন। এরপর আদা, রসুন, লঙ্কা ও পেঁয়াজবাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এক কাপ গরম জল দিন। কিছুক্ষণ পর জিরে, ধনে ও গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো নুন মিশিয়ে রান্না করুন।
এরপর ফেটানো টক দই মিশিয়ে পনিরের টুকরো যোগ করুন এবং মাঝারি আঁচে ফুটতে দিন। শেষে ফ্রেশ ক্রিম মিশিয়ে রান্নাটি মাটির পাত্রে ঢেলে দিন। তার উপর গরমমশলা, ধনেপাতা, পুদিনাপাতা, কেশর, গোলাপজল ও গোলাপের পাপড়ি ছড়িয়ে পাত্রের মুখ শক্তভাবে বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। গরম পাত্রের ভেতরে তৈরি হওয়া দমের ফলে পনিরে মিশে যাবে মাটির সোঁদা সুবাস ও হালকা ধোঁয়াটে স্বাদ। রুটি, নান বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
