July 17, 2026
AAJ 1

দিল্লির যন্তরমন্তরে টানা ১৯ দিন ধরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাই কোর্ট। আদালত জানিয়েছে, প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান। তাই তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।

সোনমের অনশন ভাঙাতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেন সমাজকর্মী রাকেশকুমার সাইনি। মামলার শুনানিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সোনমের শারীরিক অবস্থার অবনতি হলে তা দেশ ও বিশ্বের কাছে অত্যন্ত উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়াবে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান তিনি।

শুনানির সময় কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা হচ্ছে। তবে কখনও সরকারি চিকিৎসক এবং কখনও বেসরকারি চিকিৎসকের মাধ্যমে তা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়, সরকারি চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হোক। সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে।

বৃহস্পতিবার সোনমের অনশনের ১৯তম দিন পূর্ণ হয়েছে। তাঁর চিকিৎসা সংক্রান্ত বুলেটিন প্রকাশ করা হয়েছে। বুলেটিন অনুযায়ী, অনশন শুরুর পর থেকে তাঁর ওজন প্রায় ৮.৯ কেজি কমেছে। বর্তমানে তাঁর ওজন প্রায় ৫৭ কেজি। গত ২৪ ঘণ্টায় কমেছে প্রায় ৪০০ গ্রাম। তাঁর রক্তচাপ ১০৫/৭৬ মিমি এইচজি, রক্তে শর্করার মাত্রা ৮০ মিগ্রা/ডেসিলিটার এবং অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ রয়েছে।

এদিকে, দীর্ঘ অনশনের কারণে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতির কারণে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *