ফ্রান্সের জনপ্রিয় বার্ষিক সংগীত উৎসব ‘ফেত দ্য লা মিউজিক’ ঘিরে এ বছর একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। ২১ জুন দেশজুড়ে আয়োজিত এই উৎসব চলাকালীন ভিড়ের মধ্যে নারীদের লক্ষ্য করে অনাকাঙ্ক্ষিত আচরণ, শ্লীলতাহানি এবং সম্ভাব্য মাদক প্রয়োগ সংক্রান্ত অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর।
প্রতিবছর লক্ষাধিক মানুষ অংশ নেন এই উৎসবে, যা প্যারিসসহ বিভিন্ন শহরে ওপেন কনসার্ট ও স্ট্রিট মিউজিকের মাধ্যমে উদযাপিত হয়। তবে এবারের আয়োজনের সময় ভিড়ের সুযোগ নিয়ে কিছু বিশৃঙ্খল ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে।
পুলিশের দাবি, বিভিন্ন ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত কয়েকশো ব্যক্তিকে আটক করা হয়েছে। মহিলাদের অভিযোগ ভিড়ের মধ্যে শরীরে সূচ ফোটানোর ব্যাথা অনুভব করেন তাঁরা। একাধিক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য যৌন নির্যাতন ও বিশৃঙ্খলার অভিযোগও রয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ফ্রান্সে ১৯৮২ সাল থেকে প্রতিবছর ২১ জুন এই সংগীত উৎসব পালিত হয়ে আসছে। তবে এবারের ঘটনায় উৎসবের নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
