ওটিটি প্ল্যাটফর্ম কাঁপানোর পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছে জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এর সিনেম্যাটিক সংস্করণ—‘মির্জাপুর: দ্য মুভি’। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক ও একাধিক পোস্টার।
প্রযোজনা সংস্থার প্রকাশিত পোস্টারে দেখা গিয়েছে সিরিজের পরিচিত প্রতীকী সিংহাসন, যা ক্ষমতার কেন্দ্র হিসেবে গল্পে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ভিজ্যুয়াল ঘিরে সামাজিক মাধ্যমে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী।
পোস্টার প্রকাশের পাশাপাশি তুলে ধরা হয়েছে চরিত্রদের নতুন লুকও। একদিকে যেমন রয়েছে কালিন ভাইয়ার তীক্ষ্ণ দৃষ্টির ইঙ্গিতপূর্ণ উপস্থিতি, তেমনই অন্যদিকে গুড্ডু পণ্ডিত ও মুন্না ত্রিপাঠীর চরিত্রও নতুনভাবে উপস্থাপিত হয়েছে।
সিরিজে ক্ষমতার লড়াই ও অপরাধ জগতের দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত গল্পে দেখা গিয়েছিল কালিন ভাইয়া, গুড্ডু পণ্ডিত ও বাবলু পণ্ডিতের উত্থান-পতন। নতুন সিনেম্যাটিক সংস্করণে সেই সংঘাত আরও বৃহৎ পরিসরে উপস্থাপিত হবে বলে ইঙ্গিত মিলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি।
