বৃহস্পতিবার ভোরে বিহারের মুজফ্ফরপুরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনায় একাধিক রোগী গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
পুলিশ ও দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর প্রায় ৪টে নাগাদ হাসপাতালের ছয়তলার আইসিইউ বিভাগে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন কক্ষগুলিতেও। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো তলা। আতঙ্কে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং দমকলকর্মীদের যৌথ প্রচেষ্টায় প্রায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জেলাশাসক সুব্রতকুমার সেন জানিয়েছেন, আইসিইউতে মোট ১৩ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়াও সিসিইউ বিভাগেও কয়েক জন রোগী ছিলেন। প্রাথমিক তদন্তে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
