বিগত তিন বছর ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন বছর ধরে মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। হিংসা থামার কোনও বিরাম নেই। মণিপুরের কাংপোকপি জেলার লিয়াঙ্গমাই নাগা গ্রামের একের পর এক বাড়ি পুড়িয়ে দিল সশস্ত্র দুষ্কৃতীরা।
মাহিকা এবং লোয়ার থানাম্বা গ্রামের মাঝে টোকপা লিয়াঙ্গমাই গ্রামে এই ঘটনা ঘটে ভোররাতে।
টোকপা লিয়াঙ্গমাই গ্রামের নয়টি বাড়ি পুড়িয়ে দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। কারা পোড়াল এবং কেন পোড়াল কারণ খুঁজছে পুলিশ। ঘটনার পর বারো ঘণ্টা কেটে গেলেও পুলিশ বা নিরাপত্তা বাহিনীর পক্ষে এবিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। মণিপুরে মৈতেই ও কুকি সম্প্রদায়ের দীর্ঘমেয়াদি জাতিগত সংঘাতের পর বর্তমানে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
মূলত কুকি সংগঠনগুলি মৈতেই জাতিকে তফশিলি উপজাতির মর্যাদা প্রদানের বিরোধিতা করে ২০২৩ সালের ৩ মে বিক্ষোভ শুরু করেছিল। জারি করা হয়েছিল রাষ্ট্রপতি শাসন। দুটি গোষ্ঠীর সংঘর্ষে তিন বছরে কমপক্ষে ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনও মণিপুরের বিভিন্ন ত্রাণ শিবিরে আছেন ৫০ হাজারের বেশি ঘরহারা।
