বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মৃতের সংখ্যা বেড়েছে। বন্যায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। এখনও ৮৭ হাজার বন্যাক্রান্ত। জানিয়েছে অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।
গোলাগাট, যোরহাট, নগাঁও এবং শিবসাগর এই চার জেলায় ৮৬ হাজার মানুষ এখনও বন্যার্ত। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ গোলাঘাটে, ৪২ হাজার। এরপর নগাঁওর ২০ হাজার এবং শিবসাগরে প্রায় ১৫ হাজার মানুষ এখনও বন্যার্ত। বন্যার্তর সংখ্যা ছিল ১.১৩ লক্ষ। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বন্যার্ত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে। চারটি জেলায় এখনও ৭৯ ত্রাণশিবির চলছে, পাশাপাশি রয়েছে আশ্রয় শিবির।
এখানে রয়েছেন ১৩ হাজার বন্যাক্রান্ত। গোটা অসমে বন্যার জল এখনও রয়েছে ৪৪৩ গ্রামে। প্রায় এগারো হাজার কৃষিজমি জলের তলায়। উল্লেখিত চার জেলায় বেশকিছু রাস্তা, সড়ক, বাড়িঘর এবং অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত। নুমলিগড়ে ধনসিড়ি নদীর জল বইছে বিপদসীমার ওপরে। গোটা অসমে বন্যার জেরে মারা গেছে প্রায় ৩৩ হাজার গৃহপালিত জীবজন্তু।
