July 30, 2026
WhatsApp Image 2026-07-29 at 10.06.22 PM (1)

সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে আজও মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭১-তম কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি একে একে সবার কথা শোনেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের মানবিক ও জনমুখী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটেছে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে।’মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচিতে মোট ১৮ জন সাহায্যপ্রার্থী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের অধিকাংশই চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আবেদন জানান। হৃদরোগ, ব্রেন টিউমার, কিডনি সংক্রান্ত রোগ, ব্লাড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, নিউমোনিয়া, দৃষ্টিশক্তি সংক্রান্ত জটিলতা, বিরল শারীরিক সমস্যা সহ বিভিন্ন অসুস্থতার চিকিৎসার বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী প্রত্যেকের বক্তব্য অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনে উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশ মূলে বিভিন্ন সাহায্যপ্রার্থীর আবেদন ও আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একাধিক আবেদনকারীকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। এদিন সাহায্যপ্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কারণ বর্তমান সরকার রাজ্যের মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। তিনি বলেন, বর্তমানে বহু আধুনিক চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্য পরিষেবা রাজ্যেই চালু রয়েছে এবং বহু মানুষ উপকৃত হচ্ছেন। চিকিৎসা পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি।

আজকের ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব তথা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. বিধান গোস্বামী, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. নির্মল সরকার, অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শিরোমণি দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *