April 15, 2026
AAJ 1

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই দল চূড়ান্ত। কোয়ার্টার ফাইনালের পর শেষ চারে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ ও প্যারিস সঁ জরমঁ (পিএসজি)। তবে এই উত্তেজনার মাঝেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেফারির সিদ্ধান্ত, যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বার্সেলোনার তারকা রাফিনহা।

দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ। প্রথম পর্বে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয় পর্বে বার্সা ২-১ গোলে জিতলেও তা যথেষ্ট হয়নি। দুই ম্যাচেই বার্সার দুই ফুটবলার লাল কার্ড দেখায় ম্যাচের মোড় ঘুরে যায় বলে অভিযোগ।

প্রথম পর্বে ৪২ মিনিটে পাউ কুবার্সির ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর রিপ্লের পর তা লাল কার্ডে বদলে দেন রেফারি ইস্তভান কোভাকস। সেই ফ্রি-কিক থেকেই গোল করেন ইউলিয়ান আলভারেস। দ্বিতীয় পর্বেও একই ছবি। ক্লেমেন্ট তুরপিন প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে এরিক গার্সিয়াকে লাল কার্ড দেন।

দ্বিতীয় পর্বের শুরুতেই ৪ মিনিটে লামিন ইয়ামাল বার্সাকে এগিয়ে দেন। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান টোরেস। তবে ৩১ মিনিটে আদেমোলা লুকমান গোল করে আতলেতিকোকে ম্যাচে ফেরান। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে গার্সিয়ার লাল কার্ড বার্সার প্রত্যাবর্তনের আশা কার্যত শেষ করে দেয়।

অন্যদিকে, অপর কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পিএসজি। ঘরের মাঠে ভালো ফুটবল খেলেও গোলের মুখ দেখতে পায়নি ইংলিশ ক্লাবটি। ম্যাচে ২১টি শট নেওয়া সত্ত্বেও কোনওটিই জালে জড়াতে পারেনি লিভারপুল।

পিএসজির হয়ে দুই গোলই করেন উসমান দেম্বেলে। একটি ৭২ মিনিটে, অপরটি সংযুক্তি সময়ে। ৫৭ শতাংশ বলের দখল থাকা সত্ত্বেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় লিভারপুল। কোচ লুই এনরিকের কৌশলী পরিকল্পনায় রক্ষণ মজবুত রেখে সুযোগ বুঝে আঘাত হানে ফরাসি ক্লাবটি। এই জয়ের ফলে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছে প্যারিস সঁ জরমঁ। অন্যদিকে, বিতর্কের মাঝেই ইউরোপ অভিযান শেষ হল বার্সেলোনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *