June 9, 2026
Screenshot 2026-06-09 125946

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে আঘাত হানা এই শক্তিশালী ভূকম্পনের ফলে জেনারল সান্তোস শহরসহ বেশ কয়েকটি প্রদেশে বহু বহুতল ভবন, শপিং মল ও স্কুল ধসে পড়েছে এবং রাস্তাঘাটের মারাত্মক ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও জাপানের উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র মিন্দানাও দ্বীপের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের কোনো বিলম্ব না করে দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে এবং ধ্বংসস্তূপের আঘাতে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে, যার গভীরতা ছিল ৩৩ কিলোমিটার। মূল কম্পনের পর ওই অঞ্চলে ৬.৫ মাত্রাসহ প্রায় ১৩৮টিরও বেশি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে, যা উদ্ধারকাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সুনামি সতর্কতার জেরে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলের প্রায় ৮০ শতাংশ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও পরবর্তীতে বড় ধরনের কোনো সুনামির খবর পাওয়া যায়নি এবং সাগরে কেবল মৃদু জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়েছে, তবুও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *