নিট প্রশ্নফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের আবহে এখনও ‘নীরব’ বলিউডের বহু হাইপ্রোফাইল তারকা! এ বিষয়ে সরব হলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানও।
এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ অভিযোগ করেন, অনেক তারকাই ব্যক্তিগত স্বার্থের কারণে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে মুখ খুলতে চান না। বলিউডের নীরবতার কড়া সমালোচনা করে তিনি বলেন, সময়ই বলে দেবে এই অবস্থান কতদিন বজায় থাকবে।
অন্যদিকে, সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় কমল হাসান শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে দেশের শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে দমন-পীড়নের পরিবর্তে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন ও ভবিষ্যৎ রক্ষায় সরকারের দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।
