May 20, 2026
AAJ 1

রবিবার মানেই মাংস ভাত। আর তা যদি হয় পাঁঠার মাংস, তাহলে তো কথাই নেই। কিন্তু সেই একই পাঁঠার ঝোল খেতে খেতে একঘেয়ে লাগলে তাতে যোগ করুন বাদামের স্বাদ। বানিয়ে ফেলুন বাদাম দেওয়া পাঁঠার মাংসের কোর্মা। রইল রেসিপি।

কী কী লাগবে

পাঁঠার মাংস ৫০০ গ্রাম

আমন্ড ১ কাপ

বড় কুচোনো পেঁয়াজ ২টি

দই ৪ টেবিল চামচ

ঘি ৪ টেবিল চামচ

আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

ধনেগুঁড়ো ১ টেবিল চামচ

শুকনো লঙ্কার গুঁড়ো ১ টেবিল চামচ

হলুদগুঁড়ো আধ চা চামচ

দারচিনি ১টি

তেজপাতা ২টি  

সবুজ এলাচ ৪-৫টি

কালো এলাচ ১টি

গোলাপজল ৩-৪ ফোঁটা

স্বাদমতো নুন

কীভাবে বানাবেন

আমন্ডগুলি ধুয়ে ১০ মিনিট গরম জলে চুবিয়ে রাখুন। এরপর বাদামের খোসা ছাড়িয়ে তার থেকে অর্ধেকটা নিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে মিক্সারে মিহি করে পিষে রাখুন। অন্যদিকে, তেলে অল্প পেঁয়াজকুচি ভেজে তুলে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে গোটা মশলা দিন। গন্ধ ছাড়া শুরু করলে মাংস দিয়ে দিন। খানিক ভাজা হয়ে এলে আদা-রসুন বাটা মিশিয়ে কষাতে থাকুন। তারপর একে একে যোগ করুন ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো এবং লঙ্কাগুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট দুয়েক পর তাতে বাদাম ও দইয়ের মিশ্রণটি মিশিয়ে দিন। তেল ছাড়তে শুরু করলে পেঁয়াজভাজা দিয়ে দিন। একটু পর দু’কাপ জল ঢেলে ফুটতে দিন। এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে দিন। ঢিমে আঁচে রান্না হোক প্রায় আধ ঘণ্টার মতো। মাংসের টুকরোগুলি নরম হয়ে এলে বাকি আমন্ডগুলি ছড়িয়ে দিন উপরে। শেষে গোলাপজল ছড়িয়ে মিনিট দুয়েক ঢেকে রাখুন। গরম গরম ভাতের সঙ্গে  জমে যাবে দুপুরের ভোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *