সেবক রোডে গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবক শংকর ছেত্রীর মৃত্যুর প্রায় ৬ থেকে ৭ মাস কেটে গেলেও এখনও ন্যায়বিচার মেলেনি বলে অভিযোগ পরিবারের। দ্রুতগতির সাদা গাড়ির ধাক্কায় শংকরের মৃত্যুর ঘটনায় এবার দ্রুত বিচার ও দোষীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিতে আদালতের সামনে বিক্ষোভে সামিল হলেন পরিবারের সদস্য, পরিজন ও পরিচিতরা।
জানা গিয়েছে, কয়েক মাস আগে রাতে শিলিগুড়ির সেবক রোডে ভক্তিনগর দিক থেকে পানিট্যাঙ্কির দিকে হেঁটে যাচ্ছিলেন শংকর ছেত্রী ও কাজল রায়। অভিযোগ, সেই সময় একটি দ্রুতগতির সাদা গাড়ি আচমকাই তাঁদের ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দু’জনেই প্রায় ২০ থেকে ৩০ ফুট দূরে ছিটকে পড়েন।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শংকর ছেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত হন কাজল রায়। শংকরের বাড়ি খড়িবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ি ও চালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্ত চালক পালিয়ে যায়। পরবর্তীতে CCTV ফুটেজ, গাড়ির নম্বর এবং প্রযুক্তিগত তথ্যের সাহায্যে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়।
তবে পরিবারের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরও প্রায় ৬ থেকে ৭ মাস পেরিয়ে গেলেও তাঁরা এখনও ন্যায়বিচার পাননি। তাঁদের প্রশ্ন, দুর্ঘটনার CCTV ফুটেজ-সহ একাধিক তথ্য-প্রমাণ থাকার পরেও বিচারপ্রক্রিয়ায় এতটা সময় লাগছে কেন?
এই দাবিতেই বৃহস্পতিবার আদালতের সামনে বিক্ষোভ দেখান শংকর ছেত্রীর পরিবারের সদস্যরা ও পরিচিতরা। তাঁদের দাবি, দুর্ঘটনার প্রকৃত ঘটনা দ্রুত সামনে আনতে হবে এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শংকরের পরিবারকে ন্যায়বিচার দিতে হবে।
এদিন শংকরের সঙ্গে দুর্ঘটনার রাতে থাকা কাজল রায়ও পরিবারের সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল হন। দীর্ঘ অপেক্ষার পরও বিচার না মেলায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
