জলপাইগুড়ির এক শিল্পীর অসাধারণ সৃষ্টিতে যেন নতুন প্রাণ পেল উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থাপত্য। শুধু কাগজ দিয়েই তৈরি করেছেন কোচবিহার রাজবাড়ি, ঐতিহাসিক ডাকবাংলো এবং জলপাইগুড়ির কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ক্ষুদ্রাকৃতির অবিকল মডেল। তাঁর নিখুঁত শিল্পকর্ম এখন প্রশংসা কুড়োচ্ছে সর্বত্র। দেখুন এই বিশেষ প্রতিবেদন।জলপাইগুড়ি শহরের আদরপাড়ার বাসিন্দা শিল্পী হিমাংশু সরকার কাগজের মাইক্রো মডেল তৈরির মাধ্যমে ফুটিয়ে তুলছেন বাংলার ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য। কোচবিহার রাজবাড়ি, ঐতিহাসিক ডাকবাংলো এবং জলপাইগুড়ির কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ—সবকিছুকেই তিনি অবিশ্বাস্য নিখুঁতভাবে কাগজের মাধ্যমে নির্মাণ করেছেন।
ছোটবেলা থেকেই বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিল্পচর্চার সূচনা হয় হিমাংশুর। পরিবারের উৎসাহ ও সহযোগিতায় ধীরে ধীরে শিল্পের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জেলা স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বহু সরকারি শংসাপত্র ও সম্মান।
পেশায় তিনি একজন সাংবাদিক। ব্যস্ততার মাঝেও সময় পেলেই কাগজ, আঠা ও সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে তৈরি করেন একের পর এক অনন্য মাইক্রো মডেল। তাঁর এই অভিনব শিল্পকর্ম ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শিল্পপ্রেমী সকলের প্রশংসা কুড়িয়েছে।
ভবিষ্যতে একটি আর্ট স্কুল গড়ে তোলার স্বপ্ন দেখছেন হিমাংশু সরকার। তাঁর বিশ্বাস, নতুন প্রজন্মের হাতে এই শিল্পের ধারা তুলে দিতে পারলে কাগজের এই সূক্ষ্ম শিল্প আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতেও বেঁচে থাকবে।
