September 9, 2026
AAJ 2

দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর ফের মাঠে ফেরার পথে হার্দিক পাণ্ডিয়া। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব চলাকালীন তাঁকে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’ দলে রাখা হয়েছে। বুধবার আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।

পুদুচেরিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দু’টি দু’দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। দু’দিনের ম্যাচ শুরু ২২ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ অক্টোবর। ওয়ানডে দলে হার্দিকই সবচেয়ে বড় আকর্ষণ।

তবে মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে ভারতীয় অলরাউন্ডারকে। বিসিসিআই জানিয়েছে, ফিটনেস ছাড়পত্র পাওয়ার পরই হার্দিক খেলার জন্য যোগ্য হবেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে ধীরে ধীরে তাঁকে সাদা বলের ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা স্পষ্ট।

ওয়ানডে দলে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, সহ-অধিনায়ক দেবদত্ত পাড়িক্কল। হার্দিকের পাশাপাশি দলের নজর থাকবে তরুণ ক্রিকেটারদের উপরও। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ভারতের হয়ে আর ওয়ানডে খেলেননি হার্দিক। এবার অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ম্যাচ প্র্যাকটিসের মাধ্যমে ছন্দে ফেরাই তাঁর মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *