September 9, 2026
AAJ 1

চেক বাউন্স মামলায় ফের বিপাকে বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাই কোর্টের তিন মাসের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। মঙ্গলবার মামলার শুনানিতে তাঁকে কড়া শর্ত বেঁধে দিল শীর্ষ আদালত। নির্দেশ, ৫ কোটি টাকা জমা না দিলে ফের কারাদণ্ড ভোগ করতে হবে রাজপালকে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর।

‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য ২০১০ সালে দিল্লির সংস্থা মুরালি প্রজেক্টের কাছ থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই টাকা ফেরত দিতে পারেননি তিনি। এরপর চেক বাউন্সের অভিযোগে মামলা গড়ায় আদালতে।

একাধিকবার সুযোগ দেওয়া হলেও বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় গত জুলাইয়ে দিল্লি হাই কোর্ট তাঁকে তিন মাসের কারাদণ্ড দেয় এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিনেতা।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বেঞ্চ মঙ্গলবার রাজপালের বিরুদ্ধে শর্তসাপেক্ষে নোটিস জারি করে ৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এর আগে দু’দফায় মোট ২.২৫ কোটি টাকা পরিশোধ করলেও এখনও বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *