May 20, 2026
image (43)

অসমের নলবাড়ি জেলার তিহু থেকে মাধাপুর পর্যন্ত জাতীয় সড়ক NH-27-এর প্রায় পাঁচ কিলোমিটার অংশকে জরুরি বিমান অবতরণ কেন্দ্র বা ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি (ELF) হিসেবে গড়ে তোলা হবে। মঙ্গলবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির বৈঠকে এই ঘোষণা করেন নলবাড়ির জেলা শাসক নিবেদন দাস পাটোয়ারী।
বৈঠকে জেলা শাসক জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন কাজ নিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন। প্রস্তাবিত জরুরি অবতরণ ব্যবস্থার কথা মাথায় রেখে তিনি সংশ্লিষ্ট সমস্ত দফতরকে ওই সড়কের ধারে কোনও ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণ না করার নির্দেশ দেন।
এছাড়াও বৈঠকে জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়। আবগারি সুপারিনটেনডেন্টকে রাস্তার ধারের ধাবাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়, যাতে কোনও অবস্থাতেই মদ বিক্রি না হয়।
পাশাপাশি জেলার সেতু নির্মাণের অগ্রগতি, অসম মালা প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণ, ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ, কৃষক ক্রেডিট কার্ড ঋণ বণ্টন এবং বিদ্যালয়গুলিতে মধ্যাহ্নভোজ প্রকল্পের বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তাবিত এই ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি অসমের জরুরি পরিকাঠামো ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *