শহরের অনতি দূরে আমতলীতে খুনের ঘটনা। আমতলী থানার অশ্বিনী মার্কেট এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনীন্দ্র সরকার। যদিও তার নিজস্ব বাড়ি বিদ্যাসাগর পল্লীতে, দীর্ঘদিন ধরেই তিনি বাজার এলাকায় থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রবিবার সকালে অশ্বিনী মার্কেট এলাকায় স্থানীয় বাসিন্দারা এক বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে আমতলী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন মৃতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, মনীন্দ্র সরকারকে পরিকল্পিতভাবে খুন করে বাজার এলাকায় ফেলে রাখা হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, কী কারণে মনীন্দ্র সরকারের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ইতিমধ্যেই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু হয়েছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সম্ভাব্য সূত্র সংগ্রহ করছে তদন্তকারী দল। স্থানীয়দের একাংশের দাবি, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করতেন মনীন্দ্র সরকার এবং সকলের সঙ্গেই তার পরিচিতি ছিল। হঠাৎ তার এই রহস্যজনক মৃত্যু এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্তের । দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার-পরিজন এবং স্থানীয় বাসিন্দারা।
