আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার মিয়ানমার থেকে অরুণাচল প্রদেশের চাংলাং জেলা ও তিনসুকিয়ার হয়ে আসামে মাদক পাচারের একটি নতুন করিডোর গড়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, আসামে মাদকবিরোধী অভিযান জোরদারের ফলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় চালান আটক করা হয়েছে। এর মধ্যে গুয়াহাটিতে প্রায় ৮০ কোটি রুপি মূল্যের মাদক জব্দ করা হয়, যা পাঞ্জাবের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে, আগে মাদক পাচারের প্রধান রুট ছিল মিজোরাম-মিয়ানমার ও মণিপুর-মিয়ানমার সীমান্ত। তবে সাম্প্রতিক সময়ে তিনসুকিয়ায় মাদক উদ্ধারের ঘটনায় পাচারকারীরা নতুন পথ ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তিনসুকিয়ায় জব্দ মাদক চাংলাং হয়ে আসামে প্রবেশ করে থাকতে পারে। এই সম্ভাব্য নতুন রুটকে আপার আসামের জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে উল্লেখ করে হিমন্ত বিশ্বশর্মা সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। মাদক পাচারের নতুন করিডোর যাতে স্থায়ী রূপ না নেয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
