জানলার ধারে, বারান্দায় কিংবা কাজের টেবিলের পাশে নানা ধরনের টবের গাছ সাজিয়ে রাখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু শুধু গাছ ঘরে এনে সাজিয়ে রাখলেই তো হবে না। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য গাছেরও প্রয়োজন পর্যাপ্ত আলো, জল, বাতাস এবং নিয়মিত পরিচর্যা।
অনেক সময় গাছের যত্ন নিতে গিয়ে অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি, যার প্রভাব পড়ে গাছের বৃদ্ধিতে। কখনও অতিরিক্ত জল, কখনও প্রয়োজনের তুলনায় বেশি রোদ, আবার কখনও ভুলভাবে সার প্রয়োগ—ছোটখাটো এই ভুলগুলিই ধীরে ধীরে গাছকে দুর্বল করে দিতে পারে। তাই জেনে নিন কোন ভুলগুলি এড়িয়ে চলা জরুরি।
১. অতিরিক্ত জল
ঘরের গাছের পরিচর্যায় সবচেয়ে সাধারণ ভুলগুলির একটি হল ঘন ঘন জল দেওয়া। মাটির উপরিভাগ শুকিয়ে গেলেই যে গোটা টবের মাটি শুকিয়ে গিয়েছে, এমনটা নয়। আবার সব গাছের জলের প্রয়োজনও এক রকম নয়। মাটিতে অতিরিক্ত জল জমে থাকলে শিকড়ে পর্যাপ্ত বাতাস পৌঁছতে পারে না। এর ফলে শিকড় পচে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছ দুর্বল হয়ে পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই নির্দিষ্ট দিন মেনে জল না দিয়ে আগে মাটির অবস্থা পরীক্ষা করুন। আঙুল কয়েক সেন্টিমিটার মাটির ভিতরে ঢুকিয়ে দেখুন মাটি আর্দ্র রয়েছে কি না। প্রয়োজন বুঝেই জল দিন।
২. অতিরিক্ত রোদ
আলো গাছের জন্য প্রয়োজনীয় হলেও বেশি আলো সবসময় ভালো নয়। সব গাছ সরাসরি রোদ সহ্য করতে পারে না। দীর্ঘ সময় তীব্র রোদে রাখলে অনেক গাছের পাতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গাছের ধরন অনুযায়ী আলোর ব্যবস্থা করুন। গাছের পাতা অস্বাভাবিকভাবে আলোর দিকে ঝুঁকে যাচ্ছে বা নতুন পাতা আগের তুলনায় ছোট হচ্ছে কি না, সেটিও নজরে রাখুন। প্রয়োজন হলে টবের স্থান সামান্য পরিবর্তন করুন।
৩. জল নিকাশির সমস্যা
গাছের জন্য যেমন জল প্রয়োজন, তেমনই অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থাও জরুরি। তাই যে কোনও পাত্রে গাছ লাগিয়ে ফেললেই হবে না। টবের নীচে পর্যাপ্ত ড্রেনেজ বা জল নিষ্কাশনের ব্যবস্থা থাকা দরকার। জল বেরিয়ে যেতে না পারলে টবের মাটিতে তা জমে থাকে। দীর্ঘদিন এমন হলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই গাছ লাগানোর সময় টবের নীচে জল বেরোনোর ছিদ্র রয়েছে কি না, তা অবশ্যই দেখে নিন।
৪. সব গাছের পরিচর্যা একইভাবে করা
মানিপ্ল্যান্ট, সাকুলেন্ট, ফার্ন কিংবা ফুলের গাছ—প্রতিটি গাছের প্রয়োজন আলাদা। কারও বেশি আলো প্রয়োজন, কেউ আবার কম আলোতেই ভালো থাকে। একইভাবে জল, মাটির ধরন এবং আর্দ্রতার প্রয়োজনও গাছভেদে বদলে যায়। তাই একটি গাছে যে পরিচর্যা ভালো ফল দিয়েছে, সেটিই অন্য গাছের ক্ষেত্রেও প্রয়োগ করা ঠিক নয়। নতুন গাছ বাড়িতে আনার আগে তার আলো, জল, মাটি ও আর্দ্রতার প্রয়োজন সম্পর্কে জেনে নিন। প্রজাতি অনুযায়ী পরিচর্যার ধরন বদলালেই গাছ দীর্ঘদিন সুস্থ রাখা সহজ হবে।
৫. অতিরিক্ত সার
গাছের বৃদ্ধির জন্য সার প্রয়োজন। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করলে মাটিতে অতিরিক্ত খনিজ জমতে পারে। এর ফলে শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাতার কিনারা বাদামি হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই সার ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশিকা ভালো করে পড়ে নিন এবং গাছের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করুন।
