‘ফেম গুরুকুল’-এর মঞ্চ থেকে শুরু হয়েছিল বন্ধুত্ব। সেই সম্পর্ক আজও অটুট কাজী তৌকীর ও অরিজিৎ সিংহের। বর্তমানে ‘বিগ বস্ ২০’-এর প্রতিযোগী কাজী সম্প্রতি ঘরে বসেই বন্ধুর সঙ্গীতের প্রতি নিষ্ঠা ও লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন।
অরিজিতের প্রসঙ্গে কাজী বলেন, তাঁর বন্ধু ঘণ্টার পর ঘণ্টা সঙ্গীতচর্চায় ডুবে থাকতে পারেন। সেতার বাজানো শুরু করলে সময়ের হিসাবও নাকি থাকে না। নিজের পোশাকের প্রতি আগ্রহের সঙ্গে বন্ধুর সঙ্গীতপ্রেমের তুলনা করে কাজী বলেন, “ও ভালোবাসে কাজটা করার প্রক্রিয়াটাকে। ওর কাছে সঙ্গীতটাই সবচেয়ে বড়।”
বন্ধুর উচ্ছ্বাসের প্রসঙ্গে মজা করে কাজীর মন্তব্য, “আমি যদি ‘উন্মাদ’ হই, ও হল উন্মাদনার বাবা।” এর আগে কাজীকে সমর্থন করে অরিজিৎ জানিয়েছিলেন, বন্ধুর জন্যই প্রথম বার ‘বিগ বস্’ দেখবেন। তাঁকে ‘রকস্টার’ বলেও শুভেচ্ছা জানিয়েছিলেন গায়ক।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এ রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ ভাবে বিজয়ী হয়ে পরিচিতি পান কাজী। বহু বছর পর ‘বিগ বস্’-এর মঞ্চে ফিরে ফের দর্শকের নজর কেড়েছেন তিনি।
