টিনসুকিয়া জেলার মার্ঘেরিটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেডো মৌলাং এলাকায় এক চা-জনজাতি পরিবারের জমি অবৈধভাবে দখল করে ইটভাটা স্থাপনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে অল আসাম টি ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ATTSA), যারা বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
ATTSA মার্ঘেরিটা শাখা কমিটির পক্ষ থেকে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, যুগেশ দাস এবং জামিনুল রহমান ওরফে পিটকা নামে দুই ব্যক্তি প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) এবং অন্যান্য বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই একটি ইটভাটা পরিচালনা করছেন।
সংগঠনের দাবি, লেডো মৌলাংয়ের বাসিন্দা এবং চা-জনজাতি সম্প্রদায়ভুক্ত সানু মুরার ৯ বিঘা ২ কাঠা জমি বেআইনিভাবে দখল করে সেখানে ইটভাটা গড়ে তোলা হয়েছে। এছাড়াও, বিতর্কিত জমি সংক্রান্ত বিষয়ে জাল লিজ চুক্তিপত্র তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ATTSA-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতা প্রাঞ্জল বরাইক জানান, কথিত লিজ চুক্তি অনুযায়ী সানু মুরার চার বছরে মোট ৩৬ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল, অর্থাৎ প্রতি বছর ৯ লক্ষ টাকা করে। তবে অভিযোগ, জমির মালিক এখন পর্যন্ত নির্ধারিত অর্থ পাননি।
