August 13, 2026
image (11)

কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার কড়া পুলিশি প্রহরার মধ্যে নতুন বোর্ড গঠিত হল। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন ও উপপ্রধান গোপালচন্দ্র রায় রাজ্যে পালাবদলের পর গত জুলাই মাসে পদত্যাগ করেছিলেন। তারপরই প্রশাসনের তরফে নতুন করে বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। আজ, ১৩ আগস্ট, সেই বোর্ড গঠনের দিন হিসেবে ধার্য করা হয়। এদিন নতুন প্রধান নির্বাচিত হন বিজেপির জবা বর্মন।
উল্লেখ্য, ২০ আসনবিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে ২০২৩ সালের নির্বাচনে বিজেপি ১০টি, তৃণমূল ৯টি এবং বামফ্রন্ট ১টি আসনে জয়ী হয়েছিল। পরে বিজেপির দু’জন সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের আসনসংখ্যা বেড়ে ১১-এ দাঁড়ায় এবং সেই সময় তৃণমূলই বোর্ড গঠন করেছিল। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পরিস্থিতি বদলে যায় এবং এদিনের বৈঠকে মোট ২০ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৭ জন। যাঁরা প্রত্যেকেই বিজেপির টিকিটে নির্বাচিত। এই সাতজনকে নিয়েই নতুন বোর্ড গঠিত হয়। যার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা এবং এলাকায় বের করা হয় বিজয় মিছিল। গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গোড়া থেকেই এলাকায় মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *