গত রবিবার প্রয়াত হন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দুনিয়া। তবে ব্যতিক্রম পাকিস্তান! সেখানকার সংবাদমাধ্যমে গায়িকার মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই বিতর্কিত এক পাক চ্যানেল।
জানা গিয়েছে, গায়িকার মৃত্যুসংবাদ প্রচারের জন্য সে দেশের একটি চ্যানেলকে নোটিস পাঠিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। চ্যানেলটির কর্ণধার আজহার আব্বাস সমাজমাধ্যমে একটি পোস্টে জানান, আশা ভোঁসলেকে নিয়ে প্রতিবেদন সম্প্রচার করার জন্যই তাঁদের চ্যানেলকে নোটিস দেওয়া হয়েছে। তাঁর দাবি, কিংবদন্তি শিল্পীদের নিয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে তাঁদের কাজ, অবদান এবং সাফল্য তুলে ধরা সাংবাদিকতার রীতি। সেই দৃষ্টিকোণ থেকেই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছিল। তাঁর বক্তব্য, শিল্প কখনও দেশ বা সীমানার গণ্ডিতে আবদ্ধ নয়। বরং শিল্পীরা মানবতার প্রতীক। তাঁরাই মানুষকে কাছাকাছি নিয়ে আসেন। যুদ্ধ বা রাজনৈতিক সংঘাতের কারণে শিল্প ও শিল্পীদের অবমূল্যায়ন করা উচিত নয়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই পাক সাংবাদিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বহু প্রবীণ সাংবাদিক পেমরার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সামাজিক মাধ্যমেও।
