June 25, 2026
AAJ 3

বর্ণময় ক্যারিয়ারের ইতি টানলেন  গিলেরমো ওচোয়া। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই তিনি ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন, যা আধুনিক ফুটবলে বিরল কৃতিত্বের মধ্যে অন্যতম।

চলতি বিশ্বকাপে মেক্সিকো দলে থাকলেও প্রথম দুই ম্যাচে বেঞ্চেই কাটাতে হয় ওচোয়াকে। তৃতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ৭৭ মিনিটে প্রথম পছন্দের গোলরক্ষকের বদলি হিসেবে মাঠে নামেন ৪০ বছর বয়সী এই তারকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শক তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। বাকি সময় ও ইনজুরি টাইম মিলিয়ে প্রায় ১৯ মিনিট মাঠে থেকে তিনি কোনো গোল হজম করেননি। ম্যাচ শেষে মেক্সিকো ৩–০ ব্যবধানে জয় তুলে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে ওঠে।

ম্যাচ শেষে গোলপোস্টে চুমু খেয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ওচোয়া। ওচোয়া বলেন, “এই আজটেকা স্টেডিয়ামেই আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। এখানেই শেষ ম্যাচ খেললাম। এর চেয়ে সুন্দর সমাপ্তি হতে পারে না। দারুণ একটি ক্যারিয়ার শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।”

বিশ্বকাপ শেষে অবসরের ঘটনা সাধারণ হলেও টুর্নামেন্ট চলাকালীন, বিশেষ করে নকআউট পর্বের আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো বিরল। ওচোয়া সেই বিরল নজিরই গড়লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *